খুলনায় মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টার থ্রি ডক্টরসের পরিচালক ডা. তারিম ওরফে ইউনুস খান তারিমকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে নগরীর বেনুবাবু রোড়ের জাহান মঞ্জিলে অবস্থিত কোচিং থেকে তাকে আটক করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান ও মো. মিজানুর রহমান থ্রি ডক্টরসে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। ডা. তারিম খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন মেডিক্যাল অফিসার। খুলনা মহানগরীর কেন্দ্রস্থলে ফুল মার্কেটের কাছে একটি বহুতল ভবনে এ কোচিং সেন্টার অবস্থিত।
অভিযানকালে থ্রি ডক্টরস অফিসের সিসি ক্যামেরার ফুটেজ এবং কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করা হয়। একই সময় একই ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞান প্রযুক্তি লাইব্রেরি অফিসেও অভিযান চালানো হয়। এই অফিসটাও থ্রি ডক্টরসের নিয়ন্ত্রণে ডা. রানা কর্তৃক পরিচালিত হয়। দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে। ডা. তারিম বিএমএর সদস্য, স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান বলেন, ১১ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠেয় সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এক মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি নির্দেশ উপেক্ষা করে থ্রি ডক্টরস খোলা রেখে তার পরিচালক ডা. তারিম শিক্ষার্থীদের নিয়ে ক্লাস চালাচ্ছেন।