ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সরকার ও দলীয় প্রধান এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য এবং ফেসবুকে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তিকে একপক্ষীয় বলে মন্তব্য করার অভিযোগে খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. শেখ বাহারুল আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া কেন তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে না, তা আগামী ৭ দিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহম্মদ এর সত্যতা নিশ্চিত করেছেন।