খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি শুরু

দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ চারটি সংগঠন এ কর্মসূচি পালন করছে।

এদিকে, কর্মবিরতির কারণে খুলনা মহানগরীর খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলাসহ ১৫ জেলায় পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও ট্যাংকলরি চলাচল বন্ধ থাকায় চালকদের তেলের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বলেন, গত ৪ এপ্রিল খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও থানায় মামলা হয়।