চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুত্ উত্পাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান চায়না পাওয়ার কোম্পানি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তারা বাঁশখালী, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রকল্পের উল্লেখ করে বলেন, ১০ একর জায়গা ও প্রতিদিন ১৫০০ মেট্রিক টন বর্জ্য ব্যবহার করে ২৫ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব। এই প্রকল্পের জন্য তারা ১৮ কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছেন বলে মেয়রকে জানান। চায়না পাওয়ার কোম্পানির প্রস্তাবকে স্বাগত জানিয়ে মেয়র তাদেরকে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। প্রস্তাব পাওয়ার পর সুবিধাজনক সময়ে দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হবে বলে মেয়র জানান।
এ প্রসঙ্গে মেয়র নগরীর হালিশহর আনন্দবাজার এলাকায় চসিকের বর্জ্য ডাম্পিংয়ের জন্য ব্যবহূত ১৪ একর জায়গার কথা উল্লেখ করে সেখানে এ ধরনের প্রকল্প প্রতিষ্ঠা করা যেতে পারে বলে মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।