‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৯’ উপলক্ষ্যে শোভাযাত্রা ও ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ’ শীর্ষক সেমিনার করেছে ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি)। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামরিক চিকিত্সা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ফসিউর রহমান।
এছাড়া বাংলাদেশ আর্মড ফোর্সেস কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মো. আজিজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু-কিশোর মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম এস আই মল্লিক বিশেষ অতিথি ছিলেন। ফসিউর রহমান বলেন, সামাজিক অস্থিরতা বিশেষ করে সহিংসতা, হিংস্রতা, হানাহানি বন্ধ করে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, কারণ প্রতিটি সহিংসতা, হিংস্রতা মানসিক রোগকে ত্বরান্বিত এবং গভীরতর করে। মানসিক রোগ বিশেষত আত্মহত্যার কারণ এবং এর প্রতিরোধে রোগীর চিকিত্সক, অভিভাবক এবং নিকটাত্মীয় সবাইকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এছাড়া সামরিক চিকিত্সা মহাপরিদপ্তরের মহাপরিচালক মানসিক স্বাস্থ্য বিষয়ে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং সেনাবাহিনীতে ভবিষ্যতেও এরূপ কর্মসূচি পালনের জন্য সবাইকে উত্সাহিত করেন। এবারের বিশ্বমানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য—‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ’। প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম। তিনি বর্তমান বিশ্বে মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, আত্মহত্যা রোগ ও তার প্রতিরোধ সম্পর্কে বক্তব্য প্রদান করেন।