আবরারের হত্যাকারী যে-ই হোক তাদের বিচার হবেই :আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বুয়েটে আবরার ফাহাদের যে নৃশংসতম হত্যাকাণ্ড হয়েছে তার তদন্তের ব্যবস্থা আমরা দ্রুতগতিতে করেছি। এ রকম হত্যাকাণ্ড যখন আগে হয়েছে, আজ পর্যন্ত সে হত্যাকাণ্ডের বিচার হয়নি। যারা এসব নৃশংস হত্যাকাণ্ড করে থাকেন না কেন, তাদের পরিচয় যা-ই হোক না কেন, তাদেরকে বিচারের আওতায় এনে এ হত্যাকাণ্ডের বিচার শেষ হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীতে প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে ১০ তলাবিশিষ্ট নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা চাই, মানুষ বিচারের জন্য যেন পথে পথে না ঘুরে এবং তারা যেন ন্যায়বিচার পান। ন্যায়বিচার শুধু মুখের বুলি না হয়, ন্যায়বিচার যেন কাগজে দেখা যায়। মানুষ দ্রুত বিচার পাক এবং এ দ্রুত বিচার হওয়ার মাধ্যমে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে, ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’।

সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ সদর আসনের এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ হাতিয়া আসনের এমপি আয়েশা ফেরদৌস, গোলাম সারওয়ার, প্রকল্প সমন্বয়ক যুগ্মসচিব বিকাশ কুমার সাহা প্রমুখ।