জাপানের সব সেক্টরে জনশক্তি প্রেরণে প্রস্তুত বাংলাদেশ ----------প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, জাপানের সব সেক্টরে জনশক্তি প্রেরণে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশের কর্মীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। জাপানের শ্রমবাজারের আইটি, ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল সেক্টরে বাংলাদেশ উল্লেখযোগ্য সোর্স কান্ট্রি হতে পারে। গতকাল বৃহস্পতিবার জাপানের টোকিওতে ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইএম-জাপান) আয়োজিত বাংলাদেশের অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা অত্যন্ত দক্ষ এবং পরিশ্রমী। তারা যেকোনো পরিবেশের সঙ্গে খুব সহজেই মানিয়ে চলতে পারে। ইতিমধ্যে বাংলাদেশি কর্মীরা জাপানের শ্রমবাজারে তাদের সম্ভাবনা ও দক্ষতার প্রমাণ দিয়েছে। জাপানের কর্মক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের নিয়োগ করা হলে দুই দেশই লাভবান হবে। সেমিনারে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর। গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।