বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন আত্মহত্যায় করছে। আর যারা আত্মহত্যা করছেন, তাদের বেশির ভাগই মানসিক রোগে আক্রান্ত। ফলে আত্মহত্যার প্রধান কারণ হিসেবে মানসিক সমস্যাকেই ধরা হয়।
গতকাল সকালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর কর্তৃক বাস্তবায়িত ও জিআইজেড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ‘কারা অভ্যন্তরে কারাবন্দিদের মাদকাসক্তিবিষয়ক চিকিত্সা, প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম’ প্রকল্পের আওতায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ সচেতনতামূলক সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় দিবসের তাত্পর্য ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে মূল প্রবন্ধ পাঠ করেন প্রকল্পের রিহ্যাবিলিটেশন সুপারভাইজর ও কাউন্সেলররা। এবারের প্রতিপাদ্য—‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ’। সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কারাগারের সিনিয়র জেল সুপার, জেলার, ডেপুটি জেল সুপার, ডেপুটি জেলার।
মূল প্রবন্ধে আত্মহত্যার বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করতে গিয়ে বলা হয় বিশ্বে আত্মহত্যাজনিত কারণে প্রতি ৪০ সেকেন্ডে ১ জনের মৃত্যু ঘটে। আত্মহত্যা করছেন এমন মানুষগুলোর বেশির ভাগই মানসিক সমস্যায় ভুগে থাকে। আত্মহত্যার প্রধান কারণ হিসেবে মানসিক সমস্যাকেই ধরা হয়। এছাড়া বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ২০১২ সালে বিশ্বব্যাপী ৮ লাখ আত্মহত্যার মধ্যে ১ লাখ ৭৫ হাজার আত্মহত্যার কারণ ছিল মাদক ব্যবহার।