আবরার হত্যার ঘটনায় কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত:তথ্যমন্ত্রী

আবরার হত্যার ঘটনায় কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী গুলিবিদ্ধ হয়ে হতাহত হয়, গত মাসেও এ ঘটনা ঘটেছে। যখন পাকিস্তানে শিয়া মসজিদ পুড়িয়ে দেওয়া হয়, তখন কি তারা সবসময় উদ্বেগ প্রকাশ করেন। বুয়েটে ছাত্র নিহত হওয়ার ঘটনা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী বলেন, কয়েকটি বিদেশি মিশন আবরার হত্যাকাণ্ডের পর উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ আমাদের সব উন্নয়ন সহযোগী রাষ্ট্রকে তাদের ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলতে চাই, এ বিষয়ে তাদের মন্তব্য অনভিপ্রেত।

বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বুয়েটে সনি হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শ্লীলতাহানির বিরুদ্ধে বিএনপি কি কোনো ব্যবস্থা নিয়েছিল, নেয়নি। অতীতটা দেখুন, নিজেদের দিকে তাকান। তারপর কথা বলুন।

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান বলেন, আমার-আপনার হারানো সন্তানকে পুঁজি করে কোনো সুবিধাবাদীরা নোংরা রাজনীতি  করবেন না, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না, সফল হবেন না।

সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান খোকনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ডিবিসি টিভির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, ফোরামের মহাসচিব শাহীন উল ইসলাম চৌধুরী প্রমুখ।