বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৯ উদ্যাপিত হয়েছে। এছাড়া ১২ অক্টোবর অনুষ্ঠেয় বিশ্ব হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার দিবসকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার ডা. মিল্টন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বছর বিশ্ব হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার দিবসের প্রতিপাদ্য হলো ‘আমার যত্ন, আমার অধিকার’। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। উপাচার্য বলেন, প্যালিয়েটিভ সেবা হলো সত্যিকার অর্থেই একটি মহতী সেবা কার্যক্রম। এটা হলো নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত, প্রান্তিক সময়ের মানুষ ও পরিবারের ভোগান্তি কমানোর একটি বিজ্ঞানসম্মত প্রচেষ্টা।
‘বিশ্ব হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার দিবসে’ গণমাধ্যম জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১২ অক্টোবর সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ‘বিশ্ব হসপিস অ্যান্ড পলিয়েটিভ কেয়ার দিবস’ পালিত হবে। সার্বজনীন স্বাস্থ্যব্যবস্থা (ইউনিভার্সাল হেলথ কভারেজ)-এর প্রতি বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের অঙ্গীকারকে সম্মান জানিয়ে জাতীয় স্বাস্থ্যনীতিতে প্যালিয়েটিভ কেয়ারকে (প্রশমন সেবা) অন্তর্ভুক্তকরণের দাবি তুলে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ, লেখিকা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শারমিন লাকি প্রমুখ বক্তব্য রাখেন।—প্রেস বিজ্ঞপ্তি