সাংবাদিক পীর হাবিবের বিরুদ্ধে অপপ্রচার

উত্স খুঁজে পেয়েছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, কলামিস্ট ও টেলিভিশন টকশো’ ব্যক্তিত্ব সাংবাদিক পীর হাবিবুর রহমানের নামে অসত্য ও অশ্লীল ভিডিওর উত্স খুঁজে পেয়েছে পুলিশ। ভিডিওটি ভাইরালের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শেষ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিট। ।

ডিএমপি’র জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, যারা এর পেছনে রয়েছে তাদের প্রত্যেককে সাইবার ক্রাইম আইনের আওতায় নেওয়ার কাজ শুরু হয়েছে। সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. নাজমুল ইসলাম বলেন, অনলাইনসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে যে অশ্লীল ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটির প্রাথমিক তদন্ত শেষে এর উত্স সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। সাংবাদিক পীর হাবিবুর রহমানের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে একটি চক্র এই অপপ্রচার করছে। সাইবার ক্রাইম ইউনিট ইন্টারনেটে ভিডিওটির মূল উত্স খুঁজে বের করার চেষ্টা করেছে। এতে সবচেয়ে পুরনো ভিডিওটি পাওয়া যায় ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে। চলতি মাসের ২ তারিখ এটি আপলোড করা হয়।

জানা গেছে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াতের সাইবার সিন্ডিকেটে সক্রিয় থাকা রেজা নামের এক ব্যক্তি ভিডিওটি আপলোড করে। সম্প্রতি ভারতীয় তৃনমূল কংগ্রেসের ফেসবুকে বিজেপি নেতার যে অশ্লীল ভিডিও ভাইরাল হয়, সেটিকেই সাংবাদিক পীর হাবিবের ব্যাংককের মাস্তি বলে ফেসবুকে ছাড়ে রেজা। সেখান থেকেই পীর হাবিবুর রহমানের দুর্নীতিবিরোধী লেখা, বক্তব্য এবং বিএনপি-জামায়াতের শাসনামলের কঠোর সমালোচনা ও লেখায় যারা ক্ষুব্ধ তারা এটিকে লুফে নেয়। পীর হাবিবুর রহমান এ বিষয়ে বলেন, যতো মিথ্যাচার জঘন্য নোংরামি হোক না কেন, আমি আমার এই অবস্থান থেকে সরবো না।