সহজে প্রতিরোধযোগ্য ও চিকিত্সাযোগ্য হওয়া সত্ত্বেও সারা বিশ্বে পাঁচ বছরের নিচে শিশুদের অন্যতম একটি ঘাতক ব্যাধি হলো নিউমোনিয়া। নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যাওয়া বেশির ভাগ শিশুই দরিদ্র পরিবারের। বাংলাদেশে শুধু ২০১৬ সালেই পাঁচ বছরের নিচে ১৬ হাজার ৬৯০ শিশু নিউমোনিয়ায় মারা গেছে।
সারা বিশ্বে নিউমোনিয়া সম্পর্কে সচেতনতা তৈরি ও প্রতিরোধ করার লক্ষ্য নিয়ে ১২ নভেম্বর পালিত হয় ‘বিশ্ব নিউমোনিয়া দিবস।’ দিবসটি উপলক্ষে গতকাল রবিবার সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ, ন্যাশনাল নিউবর্ন হেলথ প্রোগ্রাম (এনএনএইচপি) এবং ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস (আইএমসিআই) বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে যৌথ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকেই ঐসব তথ্য জানানো হয়।
রাজধানীর ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষা, এর প্রতিরোধ, চিকিত্সা গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। বক্তারা চ্যালেঞ্জগুলো কাটিয়ে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে সবার পদক্ষেপকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশে নিউমোনিয়া আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে সেভ দ্য চিলড্রেন কিছু সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো এবং নিউমোনিয়া লাঘবে জীবন রক্ষাকারী চিকিত্সা ও প্রয়োজনীয় উপকরণ প্রাপ্তি ও ক্রয়যোগ্যতার উন্নয়ন করা, কমিউনিটি ও ফ্যাসিলিটি স্বাস্থ্যকর্মীদের মধ্যে দক্ষতা ও ক্ষমতা তৈরি করা যাতে তারা কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার কল্যাণ কেন্দ্রে নিউমোনিয়া শনাক্ত ও চিকিত্সা সেবা নিশ্চিত করা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে টিকাদান কর্মসূচির পরিধি বৃদ্ধি এবং খর্বকায়তা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিউমোনিয়ার ঝুঁকি কমিয়ে আনতে পুষ্টিকর খাবার সরবরাহ, মাতৃদুগ্ধ পানে উত্সাহ প্রদান, বিনামূল্যে খাদ্য সরবরাহ, হাত ধৌতকরণ, নিরাপদ পানি পান ইত্যাদি।