স্পোর্টস রিপোর্টার
এশীয় চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে একগাদা সুযোগ হাতছাড়া করে হারার পরদিনই ভারতের বিপক্ষে আগামী মঙ্গলবারের ম্যাচটি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ। কাতারের বিপক্ষে সুযোগ নষ্টের হতাশা জামাল ভূঁইয়াদের বেদনাবিদ্ধ করেছে। তারপরও এ সুযোগগুলোই আবার আশায় বুক বাঁধতে সাহায্য করছে কোচ জেমি ডেকে। ভারতের বিপক্ষে এমন লড়াকু নৈপুণ্যকেও ছাপিয়ে যাবার আশা করছেন তিনি।
বাংলাদেশ দল গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চেনা মাঠ-কন্ডিশন আর বিপুল দর্শক-সমর্থনকে সাথে নিয়ে কাতারের বিপক্ষে দারুণ লড়েছে। প্রতিপক্ষ গোলমুখে শট নিয়েছে পাঁচটি। দুটো শট কাতার রক্ষণভাগ বিপদমুক্ত করেছে গোলরেখা থেকে, ফাঁকায় থেকে লক্ষ্যভ্রষ্ট হয়েছে আরো দুটি শট। এর একটিও জালে জড়ালে হয়তো কাতার বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম পয়েন্টটাও অর্জন হয়ে যেত। অন্যদিকে কাতারের গোলমুখে শট ছিল দুটি। তাতেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা।
সুযোগ নষ্টের হতাশাই পোড়াচ্ছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি যারপরনাই হতাশ। আমরাই শ্রেয়তর দল ছিলাম, বেশি সুযোগ সৃষ্টি করেছিলাম। আমি নিজেও দুটো সুযোগ পেয়েছিলাম, যার একটা গোললাইন থেকে ক্লিয়ার করা হয়েছিল? আমরা ভালো খেলেছি কিন্তু তারা দুটো গোল করে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। ফুটবল এমনই।’
চাপা হতাশা থাকলেও, ইতিবাচক দিকটাকেই সামনে রাখলেন কোচ। ইংলিশ কোচের ভাষ্য, ‘ছেলেদের নৈপুণ্যে আমি গর্বিত। এই ম্যাচের নৈপুণ্য প্রত্যাশা ছাপিয়ে গেছে। এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দেওয়াটা সহজ নয় মোটেও। শেষদিকে গোল হজম করায় হতাশ, কিন্তু দল যেভাবে খেলেছে সেজন্যে তাদের প্রশংসা করার মতো যথেষ্ট ভাষা আমার নেই।’
চোট আর নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে রক্ষণভাগে তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষদের পায়নি বাংলাদেশ। তারপরও এশিয়ার সেরা দলটিকে নব্বই মিনিট পর্যন্ত এক গোলেই আটকে রেখেছিল স্বাগতিকরা। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠছে এটাই সাম্প্রতিককালে বাংলাদেশের সেরা নৈপুণ্য কি না।
জেমি ডে জানালেন অন্তত তার অধীনে বাংলাদেশ ফুটবল দলের সেরা পারফরম্যান্স এটি, ‘৯০ মিনিট পর্যন্ত দুটো দল সমানে সমানে লড়েছে। ফলাফলের ব্যাপারটা একপাশে রাখলে আমার অধীনে এটাই সেরা পারফরম্যান্স।’
বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে তাদেরই মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার সল্টলেকে যুবভারতী স্টেডিয়ামের খেলাটির জন্য গতকাল বিকালেই দেশ ছেড়েছে জেমি ডে ও তার দল।
যাবার আগে ইংলিশ এই কোচ জানালেন, কাতারের বিপক্ষে পারফরম্যান্স ভারতের বিপক্ষে বড়ো অনুপ্রেরণা হিসেবে কাজে দেবে। তবে সল্টলেকের আশি হাজার দর্শকের সামনে ১৫ অক্টোবরের ম্যাচে বুধবারের নৈপুণ্যকেও ছাপিয়ে যেতে চান তিনি। জেমি ডে বলেন, ‘এই ম্যাচের পারফরম্যান্স অবশ্যই অনুপ্রেরণা দেবে। তবে ভারতের বিপক্ষে আরো ভালো খেলতে চাই। সেটা হলে ইতিবাচক ফলাফলই আসবে।’