গজারিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে কাঠমিস্ত্রি নিহত

গজারিয়ায় শুক্রবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রী নিহত হয়। নিহত সুমন চন্দ্র বর্মন উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বর্মনপাড়ার মৃত স্বপন চন্দ্র বর্মনের ছেলে।

রসুলপুর খেঁয়াঘাট এলাকায় খোকন মিয়ার ফার্নিচারের দোকানে এই দুর্ঘটনা ঘটে।

দোকান মালিক খোকন মিয়া জানান, তিনি এবং পাঁচ কর্মচারী  দোকানে কাজ করছিলেন। সুমন তখন দোকানের এক পাশে কাঠে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছিলেন। কিছুক্ষণ পর দেখেন ড্রিল মেশিনের তারে সুমনের হাত জড়িয়ে আছে। তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানার উপপরিদর্শক মো: ইয়ারআলী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।