গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রশাসনে কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং দুটি আবাসিক হলে নিয়োগ দেওয়া হয়েছে নতুন প্রভোস্ট। নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সাবেক প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামন ভুঁইয়ার পদত্যাগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন প্রক্টর হিসেবে ড. রাজিউর রহমানকে দায়িত্ব দেয়। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হিসেবে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক শামস আরা খান এবং বিজয় দিবস হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম। এর আগে বঙ্গমাতা হলের প্রভোস্ট ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা রায় ও বিজয় দিবস হলের প্রভোস্ট ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ বলেন, দুটি হলেরই প্রভোস্টের মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে নতুন প্রক্টর এবং দুই হলে নতুন প্রভোস্ট পেয়ে আনন্দিত সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, আশাকরি নতুন প্রক্টর এবং প্রভোস্টরা শিক্ষার্থীবান্ধব হবেন।