মুক্তিপণের জন্য ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে অপহূত কলেজছাত্র কবির হোসেনকে বৃহস্পতিবার উদ্ধার করেছে র্যাব। এ সময় গ্রেফতার করা হয়েছে মহিলাসহ তিন অপহরণকারীকে। গ্রেফতারকৃতরা হচ্ছে ইসমত আরা, বাবলু মোল্লা ও শাফায়েত শেখ।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ৮ অক্টোবর সকালে কবির হোসেনের মোবাইল ফোনে ২০ টাকা ফ্লেক্সিলোড আসে। এরপর মহেশপুর উপজেলার জাগুশা গ্রামের রেজাউল মোল্লার স্ত্রী ইসমত আরা মোবাইলে প্রেমের অভিনয় করে তাকে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে যেতে বলে। সেখান থেকে কৌশলে যশোর নিয়ে যায়। আগে থেকে সেখানে আরো দুজন অবস্থান করছিল। তারা ভয়ভীতি দেখিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার সিংগেরকুল বাজারের বাবলু মোল্লার বাড়িতে নিয়ে আটকে ফেলে কবিরকে। পরে তার মোবাইল ফোন ব্যবহার করে স্বজনদের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বুধবার কোটচাঁদপুর থানায় জিডি করে র্যাবকে জানানো হয়। র্যাব মোবাইল ট্রাকিং করে ইসমত আরার অবস্থান শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে কবিরকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে।