জমে উঠেছে নবীনগর পৌর নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আগামী ১৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে। নির্বাচনে মেয়র পদে ১১ জন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জনসহ মোট ৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ মেয়র পদে দলীয় প্রতীক ব্যবহার হচ্ছে এবারই প্রথম। এবারের নবীনগর পৌরসভা নির্বাচনে ৩৬ হাজার ৭৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৯৪০ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৮২৪ জন।

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় প্রতীকে সাংগঠনিকভাবে প্রচার প্রচারণা ও জনসংযোগ তত্পরতা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যানার, পোস্টার ও লিফলেটে ছেয়ে গেছে নবীনগরের পৌর এলাকা। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিব শংকর দাস।

শিব শংকর দলীয় মনোনয়ন পেলেও এই মনোনয়ন মেনে নিতে না পেরে নবীনগর পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বশির আহমেদ সরকার পলাশ (কম্পিউটার), উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. পারভেজ হোসেন (হ্যাঙ্গার), নবীনগর বাজার কমিটির সভাপতি ও আওয়ামী লীগ সমর্থক মো. মনির হোসেন (ইস্ত্রি) ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা মো. জায়েদ প্যারিন (রেল ইঞ্জিন) প্রতীকে মেয়র পদে নির্বাচন করছেন।

অপরদিকে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়া হয় নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শাহাবুদ্দিনকে। এই মনোনয়ন মেনে নিতে না পেরে বিএনপি ঘরানার আরো দুইজন প্রার্থী ‘মেয়র’ পদে নির্বাচন করছেন। তারা হলেন বিএনপির সহসভাপতি ও বর্তমান মেয়র মোহাম্মদ মাইনউদ্দিন (মোবাইল)  ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক মো. মলাই (জগ)।

এ দিকে জাতীয় পার্টি থেকে এককভাবে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন নবীনগর পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. আবু জাহের। এছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী হলেন নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি  মো. ইসহাক (চামচ)।

ইতিমধ্যেই উল্লেখিত প্রার্থীরা নবীনগরের পৌরএলাকার প্রতিটি গ্রাম মহল্লায় পথসভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের নির্বাচনী প্রচারণায় কোমর বেঁধে নেমে পড়েছেন।