আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার নয়, বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘কিছু চেনা মুখ, অশুভ শক্তি এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। বিএনপি এই ঘটনার বিচার যত না চায়, তার চেয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে সরকারকে বেশি প্রশ্নবিদ্ধ করতে চায়। বিগত দিনে দেশে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই সরকার সব হত্যাকাণ্ডের বিচার করেছে। অতীতে যেমন কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয়নি, তেমনই দ্রুত সময়ের মধ্য আবরার হত্যাকাণ্ডের বিচার হবে।’
দ্রুতবিচার ট্রাইব্যুনালে আবরার হত্যা মামলার দ্রুত নিষ্পতির দাবি জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে এসব খুনিদের বিচার দাবি করছি। আমরা আশা করছি, দ্রুতই এ হত্যাকাণ্ডের বিচার হবে।’ তিনি বলেন, ‘আমরা খুব দুঃখ পেয়েছি, বুয়েটের ভিসি তাত্ক্ষণিকভাবে সেখানে গেলেন না কেন? এটা অত্যন্ত দুঃখজনক, একজন ভিসির কাছে এ ধরনের আচরণ আশা করি না।’ সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়ে অস্থিরতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন হই, যখন দেখি বিশ্ববিদ্যালয়গুলো প্রশ্নবিদ্ধ হয়। বিশ্ববিদ্যালয়গুলো কেন প্রশ্নবিদ্ধ হচ্ছে? আমরা মনে করি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত। সুযোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে এ ধরনের উচ্চ পদে বসানো উচিত।’
১৪ দলের সমন্বয়ক বলেন, ‘আমরা ভিন্নমতকে গ্রহণ করতে চাই। কিন্তু কিছু দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে। এইসব ঘটনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দল ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে নয়। আমরা সুষ্ঠু ধারার ছাত্ররাজনীতি চাই।’ তিনি জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর এবং চুক্তি ও সমঝোতা স্মারকগুলো নিয়ে আগামী ২২ অক্টোবর জোটের পক্ষ থেকে গোলটেবিল আলোচনার আয়োজন করা হবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আগামী ২৩ অক্টোবর আরেকটি গোলটেবিল আলোচনা হবে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিএনপি নেতাদের উদ্দেশ্যে সভায় বলেন, ‘ভারতের সঙ্গে যে ৫৩টি সমঝোতা চুক্তি হয়েছে তার মধ্যে কোনটি দেশের স্বার্থবিরোধী সেটা সুনির্দিষ্ট করে প্রমাণ করার চ্যালেঞ্জ দিচ্ছি।’
বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষে বুয়েটের এই বেদনাদায়ক ঘটনায় আবরারের পিতা-মাতাসহ পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত্ হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।