ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে মৌলবাদীরা সুযোগ নেবে :মেনন

সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে অতীতের মতো এর সুযোগ নেবে মৌলবাদীরা। বর্তমানে ছাত্রলীগ অপরাধের সীমা ছাড়ালেও তারা শিবিরের হত্যা-রগকাটার সীমাকে ছাড়াতে পারেনি। আবরার হত্যার প্রতিবাদ চলবে কিন্তু এর সুযোগে শিবির যেন হালাল না হয়। পাশাপাশি সমাজে বিদ্যমান অসাম্য ও সাম্প্রদায়িকতা দূর করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ করতে দুর্নীতি ও মিথ্যা আশ্রিত রাজনীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার ১২তম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ।

চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল হক আমিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, যুবমৈত্রী সভাপতি কায়সার আলম, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন। উদ্বোধনী অধিবেশনে সম্মাননা জানানো হয় উদীচী শিল্পীগোষ্ঠী, শিল্পী আলোকময় তলাপত্র এবং আবৃত্তি শিল্পী রাশেদ হাসানকে।