আদমদিঘিতে দুই শিক্ষকসহ সড়কে ঝরল ছয় প্রাণ

দুই শিক্ষকসহ গতকাল বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত ও আহত হয়েছে পুলিশসহ ছয় জন। এরমধ্যে বগুড়ার আদমদিঘিতে দুই শিক্ষক, মাগুরায় দুই জন, পাবনার ফরিদপুুরে এক জন, রাজশাহীর বাগমারায় এক গৃহবধূ নিহত হয়েছে। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

আদমদিঘি (বগুড়া): বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদিঘির বোয়ালিয়া নামক স্থানে ফজলে রাব্বী ও জহুরুল ইসলাম নামের দুই শিক্ষক সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। এছাড়া পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান আহত হন। নিহত ফজলে রাব্বী বগুড়ার কলেজ রোড এলাকার নুরুল ইসলাম ও নিহত জহুরুল ইসলাম পাবনার কৈয়টোলা এলাকার সোহরাব আলীর ছেলে। আহত পুলিশ কনস্টেবল ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

মাগুরা: শুক্রবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরার পৌর এলাকার হাওড় নামকস্থানে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হন। নিহতরা হলেন—সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা আয়ুর্বেদিক ও দেশীয় চিকিত্সক সমিতির সভাপতি ডা. মিজানুর রহমানের স্ত্রী আরজিনা বেগম এবং তার আত্মীয় একই উপজেলার ধলফাবগুড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে পিকুল মোল্লা। তারা দুই জন মোটরসাইকেলের আরোহী ছিলেন।

ফরিদপুর (পাবনা): ফরিদপুর-বাঘাবাড়ী সড়কের চকচকিয়া নামক স্থানে মোটরসাইকেল এবং মাইক্রোবাস সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত এবং দুই জন মোটরসাইকেল আরোহী আহত হন। মোটরসাইকেল চালক সাঁথিয়া উপজেলার বিলচাপরী গ্রামের আবু সাইদ শেখের পুত্র সজিব ঘটনাস্থলে নিহত হন। এছাড়া একই গ্রামের আব্দুস সাত্তার শেখের পুত্র আহম্মদ আলী এবং হাতেম শেখের পুত্র জোলহাসকে গুরুত্বর আহতাবস্থায় পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।

বাগমারা (রাজশাহী): বাগমারায় সড়কে যাত্রবাহী বাস উলটে দেলুয়ারা ওরফে দীনা বেগম নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার দেউলিয়া গ্রামের এমদাদুল হক টুনুর স্ত্রী। শুক্রবার উপজেলা বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর চিকাবাড়ি বাজারের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উলটে গেলে মর্মান্তিক এই  ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ (চাঁদপুর): মতলব-গৌরিপুর-পেন্নাই সড়কের গৌরিপুর এলাকার মানিককান্দিতে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (৩৫) গুরুত্বর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

গাংনী (মেহেরপুর): গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন—খুলনার ফুলবাড়ীয়া গেটের এলাকার হুমায়ন কবীবের ছেলে ট্রাক ড্রাইভার সোহাগ ও একই এলাকার ট্রাকের হেলপার অপু। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।