মির্জাপুরে অতিরিক্ত মদ্যপানে সাবেক পৌর কাউন্সিলরসহ দুই জনের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মদ্যপানে সাবেক পৌর কাউন্সিলরসহ দুই জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মদ্যপানে গুরুতর অসুস্থ চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার মির্জাপুর কুমুদিনী হাসপাতাল সূত্র এবং এলাকাবাসী জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মহা নবমী ও বিজয়া দশমীর রাতে উপজেলার সাহাপাড়া গ্রামের সাবেক পৌর কাউন্সিলর রিপন চক্রবর্তী, পোষ্টকামুরী পালপাড়া গ্রামের শ্যামপদ পাল ওরফে বিকাশ পদ পাল, সংকর পাল, মন্তোষ পাল, দিপংকর পাল এবং মির্জাপুর বাজারের বাপ্পি কর্মকারসহ ২০-২৫ জন যুবক অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে পৌর কাউন্সিলর রিপন চক্রবর্তী বিজয়া দশমীর পরের দিন কুমুদিনী হাসপাতালে আনার পথে মারা যান।

এছাড়া বিকাশ পাল, সংকর পাল, মন্তোষ পাল, দিপংকর পাল এবং বাপ্পি কর্মকারকে বৃহস্পতিবার কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। শ্যামপদ পাল ওরফে বিকাশ পাল বৃহস্পতিবার রাতে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। বাপ্পি কর্মকারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। কুমুদিনী হাসপাতালে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এর আগে গত বছর শারদীয় দুর্গাপূজায় মির্জাপুর পালপাড়া গ্রামে অতিরিক্ত মদ্যপানে রণজিত্ পাল ও উত্তম পাল নামে দুই যুবক মারা যায়।