পাবনা সদর উপজেলার চর ঘোষপুর মধ্যপাড়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ছয় জন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে স্থানীয় মাঠে মহাম্মদ আলী মালিথার পরিবারের ছেলেরা ফুটবল খেলছিল। এসময় প্রতিবেশী হাবিবুর মুন্সির ছেলেরা তাদের ফুটবল খেলতে বাধা দেয়। এনিয়ে দুপুরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় গুলিবিদ্ধ একই পরিবারের ছয় জন। পাবনা জেনারেল হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিত্সক ডা. সাফিনা আক্তার সিমা জানান, এই ঘটনায় যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের গায়ে ছড়রার গুলি ছিল। সকলকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আহত রোগীদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কেউ নাই।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ রাতে বলেন, চরঘোষপুর এলাকায় বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় জন ছড়রার গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া আহতদের ৯ জন চিকিত্সা নিয়ে বাড়ি চলে গেছেন। এই ঘটনায় রাত ৮টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।