রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে। চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থীরা শেষবারের মতো ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এ সুযোগে ভোটাররাও তাদের প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট কবির হোসেন (মোটরসাইকেল) লড়াই করছেন। রূপগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে রিটন প্রধান, ৪-৫-৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে জিন্নাত আরা জিসান ও ৭-৮-৯ নম্বর ওয়ার্ডে জাহানারা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আওয়ামী লীগ নেতা আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। অপরদিকে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট কবির হোসেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন। প্রত্যেক প্রার্থী নিজেকে সত্, নিষ্ঠাবান, যোগ্য, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সামাজিক উন্নয়ন করে চলেছেন দাবি করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আসন্ন নির্বাচন নিয়ে হাট-বাজারে, চায়ের দোকানে আলোচনা, জল্পনা-কল্পনা চলছে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া তার প্রচারণায় আওয়ামী লীগ সরকারের আমলে মুড়াপাড়া সরকারি কলেজ সরকারিকরণ থেকে শুরু করে সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন। ইউপি সদস্য হিসেবে তার ১২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রূপগঞ্জকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছেন। তারা চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়ার সততা, ন্যায়বিচারসহ তার স্বচ্ছ রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরছেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের অত্যন্ত স্নেহভাজন হওয়ায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়ার পক্ষে কাজ করছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট কবির হোসেনের পক্ষে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী ছাড়া তার পক্ষে তেমন কেউ নির্বাচনী প্রচার-প্রচারণা করছেন না। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ আব্দুল আজিজ বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট কবির হোসেনের দলীয় কোনো পদ না থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ভবিষ্যতে অ্যাডভোকেট কবির হোসেনকে আওয়ামী লীগের কোনো কার্যক্রমে রাখা হবে না। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট কবির হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তার মোটরসাইকেল প্রতীক জয়লাভ করবে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া বলেন, রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা নৌকাকেই জয়ী করবেন। উল্লেখ্য, ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ অক্টোবর সোমবার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।