সম্রাট ভিআইপি মর্যাদায় চিকিত্সা পায় বেগম জিয়া বিনা চিকিত্সায় :মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়াকে জোর করে বন্দি রেখে হত্যার ষড়যন্ত্র চলছে। তিনি সঠিক চিকিত্সা পাচ্ছেন না। খালেদা জিয়া কারাবন্দি হওয়ার এক বছর দুই মাস ধরে দাবি করার পর তাকে পিজি হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করা হয়। অথচ যুবলীগের ক্যাসিনো সম্রাট কারাগারে যাওয়ার দুই দিন পরই তাকে ভিআইপি মর্যাদায় চিকিত্সা দেওয়া হচ্ছে। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তারপরও তাকে সঠিক চিকিত্সা দেওয়া হচ্ছে না। এতেই বোঝা যায় দেশে দ্বৈতনীতি চলছে।

গতকাল শুক্রবার বুয়েটছাত্র আবরার হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

মওদুদ আহমদ বলেন, আবরার হত্যার বিচার, খালেদা জিয়ার মুক্তি ও দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ রাজপথ। রাজপথে আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মওদুদ আহমদ বলেন, গত ১০ বছরে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডবলীলা চরম পর্যায়ে পৌঁছেছে।