ছাত্রলীগের কারণে আজ দেশের মেধাবী শিক্ষার্থীরা খুনিতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গেস্টরুম, গণরুম, পলিটিক্যাল রুম নামক টর্চার সেলগুলোতে ছাত্রলীগ নির্যাতন করে ছাত্রদের। এই ছাত্রলীগের রুমে এখন বইপত্র, খাতা-কলম থাকে না, থাকে মদের বোতল, রাম দা-চাপাতি-লাঠিসোঁটা-অস্ত্র ও গোলাবারুদ। এখন সেই তারাই আবার তাদের নেতাকর্মীদের হাতে খুন হওয়া আরেক জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য শোক র্যালি করে! এ দ্বিচারিতা কেবল তাদের পক্ষেই সম্ভব।
গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের স্লোগানের ভাষা শুনুন। ক্ষমতাসীনদের জুলুম এবং আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষের রক্তে আগুনজ্বলা দ্রোহ দেখুন।