তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, বর্তমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করলেও যথেষ্ট নয়। এই শুদ্ধি অভিযান কতদিন চলবে, কত বছরে সফল হবে? ৬ মাস নাকি ৬ বছর, নাকি ১০ বছর চলবে- এ বিষয়ে কোন নিশ্চয়তা নেই। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলে শুদ্ধি অভিযানের আর কোন প্রয়োজনীয়তা থাকবে না। যতক্ষণ পর্যন্ত সুশাসন নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত দুর্নীতি, অরাজকতা, আইনের লঙ্ঘনসহ অর্জস্র সমস্যা চলতেই থাকবে। আর এ সমস্যা থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা।
গতকাল শনিবার সরকারের বর্তমান শুদ্ধি অভিযান নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় লালমাটিয়া মহিলা কলেজকে হারিয়ে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বিজয় লাভ করে।
আরও পড়ুন: বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের কক্ষ সিলগালা
আকবর আলী খান বলেন, প্রধানমন্ত্রী বর্তমান শুদ্ধি অভিযান পরিচালনার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে যে আশা জাগিয়েছেন তিনি সেটাকে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে রূপান্তরিত করবেন বলে আশা করি। একইসাথে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমের দুষ্টদের দমন করে শীষ্টদের পালন করবেন। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ড খুবই দুঃখজনক আখ্যায়িত করে বলেন হত্যাকারীদের শুধু বহিস্কার বা কারাগারে প্রেরণ করলেই আমরা সন্তুষ্ট নয়। দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার আগ পর্যন্ত সন্তুষ্ট হওয়ার কোন কারণ নেই। একইসাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন সম্প্রতি গণমাধ্যম নিয়ে যে সমস্ত আইন-কানুন করা হয়েছে তা নিয়ে গণমাধ্যম কর্মীরা উদ্বিগ্ন। আর এ উদ্বেগ দেখে বোঝা যায় দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সরকারকে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে উদার মনোভাব গ্রহণ করতে হবে।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান শুদ্ধি অভিযানে অবৈধ ক্যাসিনো সম্রাটদের গ্রেফতার করা হলেও ঘুষ, দুর্নীতি, ব্যাংক, শেয়ারবাজার জালিয়াতির মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তাদের গডফাদারদের দৃশ্যমান বিচার এখনো নিশ্চিত করা যায়নি। প্রধানমন্ত্রীকে চলমান শুদ্ধি অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সদ্বিচ্ছা থাকলেই সকল প্রকার অনিয়ম, দুর্নীতি বন্ধ করা সম্ভব। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ইত্তেফাক/বিএএফ