রাণীনগরে গবাদিপশুর লাম্পি স্কিন রোগ

আতঙ্কে খামারিরা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

সম্প্রতি রাণীনগর উপজেলায় হঠাত্ করেই গবাদিপশুর ভাইরাসজনিত চর্মরোগ ‘লাম্পি স্কিন ডিজিজ’ এর ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কিত ও দিশাহারা হয়ে পড়েছেন খামারিরা। তারা বলছেন এ রোগের সুনির্দিষ্ট প্রতিষেধক বা ভ্যাকসিন না থাকায় প্রাদুর্ভাবের শঙ্কা আরো বাড়ছে।

এ রোগ মশা, মাছি, আটালি, আক্রান্ত পশুর লালা, নাক-চোখের ডিসচার্জ, ষাঁড়ের বীর্য, আক্রান্ত গরু-মহিষের দুধ এবং ব্যবহূত ইনজেকশনের সিরিঞ্জের মধ্যমে ছড়ায়। অনুকূল পরিবেশে এ ভাইরাস ছয় মাস পর্যন্ত জীবিত থাকে। ভাইরাসজনিত এ চর্মরোগে শুধুমাত্র গরু-মহিষ আক্রান্ত হয়। লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গবাদিপশু দুর্বল হয়ে ওজন কমে যায়, দুধ উত্পাদন হ্রাস পায় এবং চামড়ার গুণগতমান নষ্ট হয়ে যায়।

রাণীনগর উপজেলার এনায়েতপুর, কাশিমপুর, গোনাসহ আশপাশের প্রায় ১০টি গ্রামে এ পর্যন্ত ১০-১২ হাজার গরু এই রোগে আক্রান্ত হয়েছে। এই রোগে আক্রান্ত গবাদিপশুর (মূলত গরু) শরীরে ১০৪ থেকে ১০৬ ডিগ্রি তাপমাত্রার জ্বর দেখা দেয় এবং গরু খাওয়া ছেড়ে দেয়। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হয় এবং ক্ষতস্থান থেকে মাংস খুলে পড়ে। এই রোগের চিকিত্সা ব্যয় অনেক।

এনায়েতপুর গ্রামের কৃষক লেবু বলেন, তার তিনটি গরু এই রোগে আক্রান্ত। প্রথমে গরুর চামড়ার উপরি অংশে টিউমার জাতীয় উপসর্গ ও বসন্তের মতো গুটি গুটি দেখতে পাই। এরপর দুই একদিনের মধ্যেই গরুর শরীরজুড়ে গুটি গুটি হয়ে ঘায়ে পরিণত হয়েছে। তবে বাছুরের অবস্থা খুবই খারাপ। এই রোগের চিকিত্সার ব্যয় অনেক। প্রতিদিন তিনটি গরুর জন্য প্রায় ৪ হাজার টাকার ওষুধ লাগছে।

শুধু লেবুই নয় উপজেলার ছোটো ছোটো খামারিরা রয়েছেন দুশ্চিন্তায়। এটি ছোঁয়াচে রোগ হওয়ায় একটি গরু থেকে আরেকটি গরু আক্রান্ত হচ্ছে।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম কুমার বলেন, এখন পর্যন্ত এ রোগে কোথাও গরু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। জনবল সংকট থাকা সত্ত্বেও আমার লোকজনরা আক্রান্ত এলাকায় গিয়ে সচেতনমূলক লিফলেট বিতরণ ও কৃষক-খামারিদের পরামর্শ প্রদান করছে। সাধ্যমতো ফ্রি চিকিত্সা দেওয়া হচ্ছে। আর এই রোগের নির্দিষ্ট কোনো ওষুধ ও ভ্যাকসিন আমাদের কাছে নেই তবুও আমরা চেষ্টা করছি সম্পূরক ওষুধ দিয়ে আক্রান্ত পশুর চিকিত্সা প্রদানে। তবে ল্যাম্পি স্কিন ডিজিজে শুধুমাত্র গরু-মহিষ আক্রান্ত হয় কিন্তু মানুষ আক্রান্ত হয় না।