মা ইলিশ রক্ষায় অভিযান
ইত্তেফাক ডেস্ক
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে চাঁদপুর ও শরীয়তপুরে ৩০ জন জেলেকে আটক ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলায় আটক হয় ১০ জেলে। মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় তাদের কাছ থেকে তিনটি নৌকা ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে হাইমচর উপজেলায় শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা নদীতে মা ইলিশ আহরণ করে পালিয়ে যাওয়ার সময় আটক হয় ছয় জেলে। এ সময় ১৫০ কেজি মা ইলিশ ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করে টাস্কফোর্স। হাইমচরে আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম। তিনি ছয় জেলেকে এক বছর করে কারাদণ্ড দেন।
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করা হয়। এ সময় ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০৭ কেজি ইলিশ মাছ জব্ধ করা হয়। শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নদীতে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আটক ১৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।