বরিশাল অফিস
বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা ও সমাবেশের মধ্যদিয়ে বরিশালে আওয়ামী শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় জেলা ও মহানগর শ্রমিক লীগের উদ্যোগে নগরীর সদর রোডের সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যরা। জেলা শ্রমিক লীগ সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ অতিথিরা। পরে সোহেল চত্বর থেকে বের হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী।