ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত পাঁচ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুটি বসতঘর ও একটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেওয়াকে কেন্দ্র করে সিংচাপইড় গ্রামের পশ্চিমপাড়ার কালা মিয়ার পুত্র নুরাই মিয়ার সঙ্গে একই গ্রামের দিঘিরপাড়ার মৃত ইসকন্দর আলীর পুত্র আবদুন নুরের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে মহিলাসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত আবদুন নুর (৫০), রাজেদ মিয়া (২৫), তাহের মিয়া (২৮), জহির আলী (৩৫), কালা মিয়াকে (৪৫) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের কৈতক হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।