জয় দিয়েই নিউজিল্যান্ড সফর শেষ করতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ রবিবার নিউজিল্যান্ডের লিংকনে বার্ট সাটক্লিফ অনুষ্ঠেয় সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। টানা প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের যুবারা চতুর্থ ম্যাচে চার উইকেটে পরাজিত হয়। যে কারণে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশি যুবাদের। অধিনায়ক আকবর আলীর বিশ্বাস- চতুর্থ ম্যাচের ভুলগুলো থেকে বোলাররা শিক্ষা নেবে এবং সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভালো পারফরমেন্স করবে। সিরিজ শেষ করে আগামীকাল সোমবার নিউজিল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।