শেখ রাসেল ক্লাব কাপ সাঁতার
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শেষ হয়েছে শেখ রাসেল ক্লাব কাপ বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে গত দুই দিন ধরে ট্র্যাকের লড়াইয়ে ১৮টি স্বর্ণপদক জিতে নেয় ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে নিজস্ব কোনো সাঁতারু নয়, দেশের বিভিন্ন অঞ্চলের দক্ষ সাঁতারুদের অন্তর্ভুক্ত করে ক্লাব কাপ সাঁতারে চ্যাম্পিয়ন হয় তারা। বালিকা বড়ো গ্রুপের মুক্তা খাতুন ও বালিকা ছোটো গ্রুপের মুক্তি খাতুনের একাধিক পদক জয়ের কারণে চ্যাম্পিয়নরা ১৮টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক পায়।
অন্যদিকে রাতুল মিয়ার কৃতিত্বে পাবনার ইছামতি সুইমিং ক্লাব হয়েছে রানার্সআপ। দলটির অর্জন ৬টি স্বর্ণ। বালক বড়ো গ্রুপে পুলে ঝড় তুলে রাতুল একাই জিতে নেন সব কটি স্বর্ণ। ৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্চ পেয়ে তৃতীয় হয়েছে আমলা সুইমিং ক্লাব। গোপালগঞ্জ সুইমিং ক্লাব ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য পদক পেয়ে হয়েছে চতুর্থ। সুশৃঙ্খল দলের পুরস্কার পেয়েছে কিশোরগঞ্জের ভাটিবাংলা সুইমিং ক্লাব।
বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ
ফুটবল বিভাগীয় পর্ব আজ শুরু
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্ব আজ রবিবার সাগরিকার চট্টগ্রাম মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হচ্ছে। উভয় গ্রুপে ১২টি করে ২৪টি দল বিভাগীয় পর্যায়ে খেলবে। আজ সকালে বঙ্গমাতা ফুটবলে রাঙ্গামাটি ও বান্দরবান এবং খাগড়াছড়ি ও চাঁদপুর বিকালে বঙ্গবন্ধু ফুটবলেও একইভাবে একই জেলা পরস্পরের মোকাবিলা করবে। অংশগ্রহণকারী দলগুলো থাকবে নগরীর বিভিন্ন আবাসিকে। খেলোয়াড়দের দৈনিক ভাতা ৪০০ টাকা করে দেওয়া হবে। প্রতিযোগিতার সরকারি বাজেট সাড়ে ৩ লাখ টাকা। আয়োজকেরা এসব তথ্য জানান।
বাংলা টাইগারের
লোগো উন্মোচন
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
মধ্যপ্রাচ্যের মরুর শহর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টেন ক্রিকেটে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী দল বাংলা টাইগারের লোগো উন্মোচন গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোগো উন্মোচন করেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাইফ পাওয়ার টেকের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন, দলের স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াছিন চৌধুরী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর।