দীর্ঘবিরতির পর নিউইয়র্কে জেমসের একক কনসার্ট

g বিনোদন রিপোর্ট

 

এবারে আয়োজক আলমগীর খান আলমের প্ল্যান ছিল এক মঞ্চে ব্যান্ড মিউজিকের দুই কিংবদন্তী আইয়ুব বাচ্চু ও জেমসকে নিয়ে একটি বড় আয়োজনের কনসার্ট করবেন। সেই অনুযায়ী সব প্রস্তুতিও নিয়েছিলেন। আইয়ুব বাচ্চু ও জেমস দু’জনের সাথে কথা পাকাপাকি করে ফেলেছিলেন। কিন্তু নিউইয়র্কে বড় আয়োজনে সেই কনসার্ট আর মঞ্চে গড়ালো না। তবে দীর্ঘদিন পর শো টাইমের আয়োজনে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শো টাইমের আলমগীর খান আলম বলেন, ‘আমরা অল্প কিছুদিন আগে আইয়ুব বাচ্চু ভাইকে হারিয়েছি। তিনি ছিলেন আমার বড় ভাইয়ের মতো। মাঝে মাঝে ফোনে কথা হতো। সত্যিই আজো বিশ্বাস হয় না তার এই চলে যাওয়া। বাংলা সঙ্গীত জগতে বিশাল এক শূন্যস্থান সৃষ্টি হয়েছে। ইচ্ছে ছিল আইয়ুব বাচ্চু, জেমস দু’জনকে নিয়েই কনসার্ট আয়োজনের। কিন্তু একজনকে রেখে আরেকজনকে নিয়ে এই অনুষ্ঠান করতে হচ্ছে এটা ভাবতে কষ্ট হচ্ছে।’ আগামী ২৩ ডিসেম্বর জ্যামাইকার এমাজুরা হলে নগরবাউল জেমসকে নিয়ে একটি একক কনসার্টের আয়োজন করা হচ্ছে। সেখানে নগরবাউলের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও পারফর্ম করবেন। নিউইয়র্ক কনসার্ট প্রসঙ্গে নগরবাউল জেমস বলেন, ‘দীর্ঘদিন পর আবারো এককভাবে আমরা পারফর্ম করছি। সেখানকার দর্শকরা খুবই আন্তরিক। আশা করি দারুণ একটা কিছু হবে।’

উল্লেখ্য, এর আগে শো টাইমের আয়োজনে দীর্ঘদিন পর বাংলা গানের দুই কিংবদন্তী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে এক মঞ্চে এনে বড় আয়োজনের কনসার্ট করেছেন আলমগীর।