ভারতের বিপক্ষে লক্ষ্য আজ ‘অভিজ্ঞতা অর্জন’

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটান ও নেপালের বিপক্ষে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রবিবার কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা লড়বে ভারতের সঙ্গে।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গিয়েছিল ফাইনালকে লক্ষ্য ধরেই। গত শুক্রবার দিনের প্রথম ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিলেন শামসুন্নাহাররা। একই দিনে দ্বিতীয় ম্যাচে ভারত ১০-১ গোলে ভুটানকে হারালে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

কোচ গোলাম রাব্বানী ছোটন টানা তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত হওয়ায় স্বস্তি প্রকাশ করে বলেন, ‘নতুন এক দল সত্ত্বেও, ঢাকা ছাড়ার আগে তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করাই লক্ষ্য ছিল আমাদের। সেটা হয়ে যাওয়ায় ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। কোচিং স্টাফদের পক্ষ থেকে আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাই, যারা দেশের জন্য নিজেদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে লড়ে গেছে।’

ভারত ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ। তার আগে আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদেরই বিপক্ষে খেলবে কোচ ছোটনের দল। তাই ফাইনালের প্রস্তুতি হিসেবে আজ জয় পরাজয়ের চেয়ে শিক্ষা আর অভিজ্ঞতা অর্জনটাকেই বড়ো করে দেখলেন বাংলাদেশ কোচ।

তিনি বলেন, ‘আমি আশা করব দেশের মাটিতে সবাই আমাদের ফাইনাল জেতার জন্যে প্রার্থনা করবেন। রবিবারের ম্যাচ থেকে মেয়েরা বেশকিছু ব্যাপারে শিখতে এবং তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন করবে। প্রথম দুই ম্যাচেও অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আমরা।’