যেইখানে বিদ্যুত্ সংযোগের প্রচলিত অবকাঠামোর অভাব থাকে, সেইখানে সরবরাহ ও প্রয়োজনের মধ্যে সমন্বয় ঘটাইতে বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার টানাইয়া সংযোগ নেওয়ার দৃশ্য আমাদের দেশে বিরল নহে। কয়েক বত্সর আগে খোদ রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ এলাকায় দেখা গিয়াছিল বাঁশের খুঁটি দিয়া বিশ সহস্রাধিক বিদ্যুতের সংযোগ দেওয়া হইয়াছে। একই ঘটনা আমরা দেখিয়াছি ময়মনসিংহ, নিলফামারী, লালমনিরহাটের প্রত্যন্ত এলাকায়। অনেক স্থানে দেখা গিয়াছে বাসাবাড়ির আশপাশে অসংখ্য বাঁশের খুঁটি আর তারের ছড়াছড়ি। বাঁশ কোনোটি মোটা, কোনোটি চিকন। তাহাতে প্যাঁচানো তারের সমারোহ। যুগ পালটাইয়াছে। এই সময় আসিয়া এই ধরনের অনিয়ম সত্যিই আমাদের ভাবাইয়া তোলে। সম্প্রতি ইত্তেফাকে প্রকাশিত খবরে জানা যায় যে, রংপুর মহানগরীর পূর্ব পীরজাবাদ, বাহার কাছনা, সিগারেট কোম্পানি, দেওডোবা বড়বাড়ী এলাকাতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যুত্ সঞ্চালন লাইনে বাঁশের খুঁটি ব্যবহার করা হইয়াছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি না থাকিবার কারণে বত্সরের পর বত্সর যত্রতত্র বিদ্যুত্ সঞ্চালনের কাজে বাঁশের খুঁটির ব্যবহার বাড়িতেছে বলিয়া অভিযোগ পাওয়া গিয়াছে। জানা গিয়াছে, বিদ্যুত্ সংযোগ লইতে যে যাহার মতো বাঁশের খুঁটি পুঁতিয়া মূল লাইন হইতে বিদ্যুত্ লইতেছেন। সংশ্লিষ্ট এলাকার কোনো কোনো বাসিন্দা অভিযোগ করিয়াছেন যে বিদ্যুতের খুঁটি লইবার জন্য এখন অবধি কয়েক দফা টাকা দেওয়া হইয়াছে, কিন্তু খুঁটি আসে নাই। সেই কারণে তাহারা ‘বাধ্য হইয়া’ই বাঁশের খুঁটি দিয়া বাড়িতে বিদ্যুতের সংযোগ নিয়াছেন।
প্রশ্ন হইল, বাঁশের খুঁটি টানাইয়া বাড়িতে বিদ্যুতের সংযোগ লওয়াটা কতটা নিয়মবহির্ভূত এবং ভয়ংকর—উহা কি এলাকাবাসীরা জানেন না? ঐ এলাকায় দেখা গিয়াছে, একেকটি বাঁশের খুঁটির সহিত ঝুলিতেছে অসংখ্য বিদ্যুতের তার। অনেক স্থানে বাঁশের খুঁটি ভাঙ্গিয়া বিদ্যুতের তার মাটিতে পড়িয়া থাকিতে দেখা গিয়াছে। বিষয়টি মারাত্মক ঝুঁকিপূর্ণ বিধায় সংশ্লিষ্ট এলাকার বিদ্যুত্ বিভাগ ইহার দায় এড়াইতে পারে না। বিদ্যুত্ উত্পাদন ও সরবরাহের ক্ষেত্রে বর্তমান সরকার ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করিয়াছে। যেই সকল এলাকা আবহমান কাল ধরিয়া বিদ্যুতের বাহিরে ছিল, সেই সকল স্থানেও পর্যায়ক্রমে বিদুত্ যাইবে বটে। এইক্ষেত্রে অসহিষ্ণু হইয়া বিপদ ডাকিয়া আনিবার মতো হঠকারী কার্যক্রমকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। অত্যন্ত বিপজ্জনক এই প্রবণতা। মনে রাখিতে হইবে, বিজ্ঞানের কঠিন ও নিষ্ঠুর সূত্র মানিয়া চলে বিদ্যুত্। যেই ভোল্টেজ বহিয়া যায় এই ধরনের সঞ্চালনায়, তাহার সংস্পর্শে আসিলে যে কাহারো মৃত্যু ঘটিতে পারে। তাহা ছাড়া দেশে প্রতি বত্সর যেই পরিমাণ অগ্নিসংযোগ ঘটে, তাহার নেপথ্যেও বড়ো ভূমিকা রাখে বিদ্যুতের শটসার্কিট। এই সকল এলাকায় বিদ্যুতের খুঁটি বসাইতে কোনো ধরনের অনিয়ম থাকিলে তাহা তদন্ত করিয়া দেখা যাইতে পারে। কিন্তু যতই প্রয়োজন থাকুক, বাঁশের খুঁটিতে তার টানাইয়া বিদ্যুত্ সংযোগ কোনো মতেই মানিয়া নেওয়া যায় না।