পথশিশু পুনর্বাসন কেন্দ্র হবে জেলা-উপজেলায়

সুবিধাবঞ্চিত পথশিশুদের পুনর্বাসনের মাধ্যমে বাংলাদেশকে পথশিশু মুক্ত করা হবে। তাদের জন্য দেশের সব জেলা-উপজেলায় পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে ‘সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘পথশিশু পুনর্বাসন কার্যক্রম’ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেন, দেশের সব জেলা ও উপজেলায় পথশিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। দেশে কোনো পথশিশু পথে থাকবে না ও কোনো শিশু মানবেতর জীবনযাপন করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০১৬ সাল থেকে পথশিশুদের জন্য ঢাকায় কাওরান বাজার ও কমলাপুরে দুটি পুনর্বাসন কেন্দ্র এবং ঢাকার আটটি স্থানে পথশিশু স্কুল পরিচালনা করে আসছে।

সভাপতির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পুনর্বাসনের মাধ্যমে বাংলাদেশকে পথশিশু মুক্ত করা হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। স্বাগত বক্তব্য দেন পথশিশু কার্যক্রমের পরিচালক ড. আবুল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন ডিজঅ্যাডভেন্টেজ এডোলেসেন্ট ওয়ার্কিং ফোরামের চেয়ারপারসন মো. মাহবুবুল হক। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।