ভূমি বিষয়ে সেবা মিলবে হটলাইনে

ইত্তেফাক রিপোর্ট

নাগরিকদের ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভূমি সেবা হটলাইন ১৬১২২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হটলাইন উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ভূমিসচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী উপস্থিত ছিলেন। সাইফুজ্জামান চৌধুরী বলেন, স্বচ্ছ, দক্ষ, আধুনিক, জবাবদিহিতামূলক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণ আমাদের লক্ষ্য। ভূমি সেবা সহজীকরণ, সেবা গ্রহীতাদের সকল জটিলতা আইনগতভাবে নিরসন এবং ভূমি সংক্রান্ত সব ধরনের দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে ভূমি সেবা হটলাইন ১৬১২২ চালু করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, হটলাইনে কল করে সহজেই সেবা প্রার্থীরা ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। এছাড়া হটলাইনের মাধ্যমে ভূমি সেবা গ্রহীতারা ভূমি সেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও পরামর্শসহ দেশে বিদ্যমান ভূমি সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কে জানতে পারবেন। ভূমিসচিব বলেন, নিয়ন্ত্রক মন্ত্রণালয়ের সঙ্গে সঙ্গে আমরা পর্যায়ক্রমে সেবা প্রদানকারী মন্ত্রণালয়েও পরিণত হচ্ছি। সঠিকভাবে ভূমি সেবা প্রদানই আমাদের মূল নীতি।

অনুষ্ঠানে ভূমি সেবা হটলাইন ১৬১২২-এর পুরো কার্যপ্রণালী সচিত্র উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট ও উপসচিব মো. দৌলতুজ্জামান খান। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।

ভূমি সেবা হটলাইন সম্পর্কে অনুষ্ঠানে আরো জানানো হয়, ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ ‘ডিজিটাল বাংলাদেশ’-এর আওতায় স্থাপিত ভূমি সেবা হটলাইন ১৬১২২-এর কার্যক্রম প্রতি কর্মদিবসে সকাল নয়টা  থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে। হটলাইন              সেবা পেতে নিয়মিত কলচার্জ প্রযোজ্য হবে। হটলাইনের মাধ্যমে জরুরি অভ্যন্তরীণ যোগাযোগ, দ্রুততম সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি ও সেবা গ্রহীতার কাছ  থেকে অভিযোগ গ্রহণ করা হবে। হটলাইন ব্যবহারকারীর নাম, ঠিকানা বা পরিচয় কোনো অবস্থাতেই প্রকাশ করা হবে না। ল্যান্ড সার্ভিস হটলাইন সিস্টেমটি জাতীয় ভূমি তথ্য ও সেবা কাঠামোর (জমি) সঙ্গে একীভূত।