বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ রবিবার প্রকাশ করা হবে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং ২১৪) বেলা একটায় আনুষ্ঠানিকভাবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। গত ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এবার খ ইউনিটে ৪৫ হাজার ১০৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। অনুষদের আসনসংখ্যা ২ হাজার ৩৭৮।
জনসংযোগ দপ্তরের পরিচালক
মাহমুদ আলম
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক হিসেবে মাহমুদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সম্প্রতি সিন্ডিকেটের এক সভায় এই নিয়োগ প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উচ্চ পর্যায়ের এক সিলেকশন কমিটি তাকে পরিচালক পদে নিয়োগের সুপারিশ করে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সকল কর্মকর্তার মধ্যে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি অফিস প্রধানের শূন্য পদের বিপরীতে নিয়োগ পেলেন।’
উল্লেখ্য, মাহমুদ আলম গত ১২ নভেম্বর ২০১৮ থেকে জনসংযোগ দপ্তরে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।