লক্ষ্মীপূজা আজ

আজ লক্ষ্মীপূজা। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে হিন্দু বাঙালির গৃহকোণ। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গেই গৃহস্থের আঙিনায় আজ শোভা পাচ্ছে চালের গুঁড়ো, আল্পনায় লক্ষ্মীর ছাপ। লক্ষ্মী মানে শ্রী, সুরুচি। লক্ষ্মী সম্পদ আর সৌন্দর্যের দেবী। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দুর্গোত্সব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা করে থাকেন।

এ উপলক্ষ্যে হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেন। সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্বালন করা হবে প্রদীপ। হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ অব্দি সবাই দেবীকে পূজা দিয়ে আসছেন।

বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত পূজা দেওয়ার নির্ঘণ্ট রয়েছে। এ সময়ের মধ্যেই পূজা সম্পন্ন করবে হিন্দু নর-নারীগণ।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, রামসীতা মন্দির, পঞ্চানন্দ শিব মন্দির, গৌতম মন্দির, রাধামাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ দেশের অনেক মন্দিরে ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার নানা ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়েছে।