টাইফুন হাগিবিসের আঘাতে ক্ষতিগ্রস্ত দক্ষিণ জাপান

জাপানে গত ৬০ বছরের মধ্যে শক্তিশালীতম টাইফুন হাগিবিসের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে বহু এলাকা। ধ্বংস হয়ে গেছে অগনিত ঘরবাড়ি। পানিতে ভেসে গেছে অসংখ্য গাড়িসহ অন্যান্য সম্পদ। স্থানীয় সময় গতকাল বিকালে ঝড়টি আঘাত হানে। ঝড়ের প্রভাবে দুই দিন ধরে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ভূমিধসের আশঙ্কা রয়েছে। ঝড়ের কবল থেকে বাঁচার জন্য লাখ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। ফলে নিহতের সংখ্যা মাত্র ২ জনে সীমিত থাকে।

বিবিসির খবরে জানানো হয়, ঝড়ের প্রভাবে কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। বিপুলসংখ্যক ঘরবাড়ি বিদ্যুিবচ্ছিন্ন হয়ে  পড়েছে। হাগিবিসের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার।

এর আগে এই ঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেয় জাপানিরা। ঝড়ের কারণে অনেকে আগেভাগেই খাবার মজুত করেন, ফলে সুপার মার্কেটের পণ্যের তাকগুলো খালি হয়ে যায়। ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়। ব্যাপক প্রচারের কারণে খাদ্য ঘাটতির আতঙ্কে অনেকে খাবার মজুত করে রেখেছেন। এতে বড় বড় দোকান ও বিপণিবিতানে পণ্য কম দেখা গেছে। দোকানপাট, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা বন্ধ রাখা হয়েছে। বিমানের নির্ধারিত ফ্লাইট ও ট্রেনের সময়সূচি স্থগিত করা হয়েছে। জাপানে চলমান রাগবি ওয়ার্ল্ড কাপের কিছু খেলা ও ফর্মুলা ওয়ান মোটর প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে