কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি গতকাল শনিবার প্রস্তাবিত মিঠামইন সেনানিবাস স্থল, নির্মাণাধীন সারা বছর চলাচল উপযোগী ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তা।
বিকালে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে স্থানীয় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলার উচ্চমাধ্যমিক, মাধ্যমিক, জেএসসি ও জেডিসি পর্যায়ের ৮৫ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান করেন। অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এই ফাউন্ডেশন কেবল মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম নয়, সারা দেশেই শিক্ষা ও আর্তমানবতার সেবায় কাজ করবে। তিনি হাওরাঞ্চলে শিক্ষা বিস্তারে এ ফাউন্ডেশন কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন। শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে উন্নত মানুষ হবার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে তিনি কর্মসংস্থানের অংশ হিসেবে ১৫ জনকে সেলাই মেশিন প্রদান করেন।
রাষ্ট্রপতি আজ রবিবার বিকাল তিনটায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ মাঠে সুধী সমাবেশে ভাষণ দিবেন।