দিল্লিতে ছিনতাইয়ের কবলে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইঝি দময়ন্তি বেন মোদি। ঘটনাটি ঘটেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির অদূরেই।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার সকালে ব্যক্তিগত কাজে অমৃতসর থেকে নয়াদিল্লি এসেছিলেন দময়ন্তি। রাজধানীর সিভিল লাইন এলাকার গুজরাতি সমাজ ভবনে তিনি একটি রুম আগে থেকেই বুক করেছিলেন। সেই হোটেলে ঢোকার মুখেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে ছিনতাইকারীরা। পুলিশকে তিনি জানিয়েছেন, দুই ছিনতাইকারী বাইকে চড়ে এসেছিল। তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল। আচমকাই তারা টান দেয় দময়ন্তির হাতে রাখা দু’টি মোবাইল এবং টাকার ব্যাগটি ধরে। কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ আর মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। ব্যাগে ৫৬ হাজার টাকা এবং বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে দময়ন্তি জানিয়েছেন।
পুলিশ দময়ন্তিকে তদন্তের আশ্বাস দিয়েছে। সংবাদমাধ্যমকে দময়ন্তি জানান, গতকাল সন্ধ্যায় তার দিল্লি ছাড়ার কথা ছিল। বিমানের টিকিটও কাটা রয়েছে। কিন্তু ছিনতাই হওয়া ব্যাগে তার পরিচয়পত্র রয়েছে। ফলে বেকায়দায় পড়েছেন তিনি।