মুক্তাগাছায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মুক্তাগাছায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওমামা তাসলীম (১৩) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। নিহত ওমামা তাসলীম শহরের রাম কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের ট্রেড প্রশিক্ষক রবিউল আলমের মেয়ে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিউল আলম শহরের যমুনা সিংমোড় এলাকায় একটি বাসায় ভাড়ায় থাকেন। শনিবার মেয়েটির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তিনিসহ পরিবারের লোকজন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মেয়েটিকে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, প্রাথমিক তদন্তে লাশের গলায় বাম পাশে লালচে দাগ দেখা গেছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/জেডএইচডি