সাভারে প্রেমিকার ধর্ষণ মামলায় বাসর করা হলো না মনিরুল ইসলাম আলিফের (৩০)। নববধূকে নিয়ে বাসরের প্রস্তুতিকালে প্রেমিকার করা ঐ মামলায় গ্রেফতার করা হয়েছে মনিরুলকে। শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মনিরুল সাভারের ভাগলপুর এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, মনিরুলের সঙ্গে গার্মেন্টস কর্মী এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় আড়াই বছর ধরে একটি ভাড়া বাসায় ঐ তরুণীর সঙ্গে নিয়মিত মেলামেশা করে আসছিল আলিফ। এদিকে প্রেমিকাকে না জানিয়ে বাবা-মায়ের কথা মতো শুক্রবার রাতে বিয়ের পিঁড়িতে বসে আলিফ। নিয়ম অনুযায়ী সকল আয়োজন সম্পন্ন করে নববধূকে ঘরেও তুলেন তিনি। এটি জানতে পেরে গার্মেন্টস কর্মী ওই তরুণী আলিফের বাসায় ছুটে যান। সেখানে গিয়ে ন্যায় বিচার না পেয়ে ধর্ষণের অভিযোগে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই সাভার মডেল থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন এবং ওসি (ইন্টিলিজেন্ট) মো. মাসুদ ঘটনা তদন্তে আলিফের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, নববধূকে ঘরে তোলা হয়েছে এবং বাসরও সাজানো হয়েছে। এ সময় পুলিশ অভিযুক্ত আলিফ ও অভিযোগকারী তরুণীকে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে আলিফ তার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা স্বীকার করেন।
সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, আলিফ ঘটনার সত্যতা স্বীকার করায় তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অভিযোগকারী ঐ তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।