সম্রাট ফের কারাগারে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদ উল আলম। তিনি বলেন, ইসমাইল হোসেন সম্রাটকে কারাগারের সুর্যমুখী সেলে রাখা হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর মঙ্গলবার সকালে বুকে ব্যথা অনুভব করায় সম্রাটকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে তাকে প্রথমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।

জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মহসিন আহমেদ জানিয়েছেন, সম্রাটের জন্য গঠিত সাত সদস্যের মেডিক্যাল বোর্ডের সবাই আজ (গতকাল) সকালে তাকে দেখেছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বোর্ডের সদস্যরা মনে করেন, তার হাসপাতালে থাকার প্রয়োজন নেই। তাই সকাল সাড়ে ৯টায় তাকে ছাড়পত্র দেওয়া হয়।