বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী তানজীনা তমা গাইলেন গান আর ভারতের আবৃত্তি শিল্পী শোভনসুন্দর বসু পড়লেন কবিতা। তাদের গান ও কবিতার যুগলবন্দি মুগ্ধ করল শ্রোতাদের। শিল্পী তানজীনা শোনালেন কবিগুরুর নানা আঙ্গিকের ১০টি গান। ফাঁকে ফাঁকে ১০ কবির ১০ কবিতা আবৃত্তি করেন শিল্পী শোভনসুন্দর। গতকাল শনিবার ‘গান কবিতার ছায়াতলে’ শিরোনামে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জমজমাট এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা সূর্যমুখী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নীপা চৌধুরী।
শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে শোনান তানজীনা তমা। শুরুতেই তিনি গেয়ে শোনান ‘আজি বাংলাদেশের হূদয় হতে’। গান শেষ হতেই বাদ্যযন্ত্রের মিশেলে বাংলাদেশকে নিয়ে লেখা কবীর সুমনের কবিতা আবৃত্তি করেন শোভনসুন্দর বসু। কবিতার শিরোনাম ছিল ‘বাংলার ধনুকের ছিলায় ছিলাম’। গান ও কবিতার মেলবন্ধনে গোটা মিলনায়তনে বয়ে যায় সুর ও বাণীর অপূর্ব মূর্ছনা।