আগামী নভেম্বরে নেপালের ইয়ালা পাহাড়ে অভিযানে যাচ্ছেন ‘মিশন হিমালয়া ২০১৯’ বিজয়ী তিন পর্বতারোহী। রোপফোর আউটডোর এডুকেশনের অর্থায়নে আগামী ১৭ নভেম্বর তারা এ অভিযান শুরু করবেন। গতকাল বাংলাদেশ পর্যটন করপোরেশনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিজয়ীরা হলেন—হিবা শরাফুদ্দিন, আসাদুজ্জামান ও নীল হুরেজাহান। যুব সমাজকে সুস্থ জীবনধারায় অনুপ্রাণিত করার লক্ষ্যে রোপফোর প্রতি বছর ‘মিশন হিমালয়া’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করে। এ বছর ৬৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এ প্রতিযোগিতায়। সেখান থেকে যাচাইবাছাই শেষে প্রশিক্ষণের মাধ্যমে তিন জনকে বিজয়ী ঘোষণা করেন তারা। রোপফোর প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাহি এবং মারুফা হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্বতারোহণ প্রশিক্ষক মীর সামসুল আলম বাবু, মুজিবুর রহমান, ফুয়াদ আহসান ও মহিউদ্দিন হেলাল প্রমুখ।