আশুলিয়ায় ছিনতাইকারীর হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহতের নাম দ্বীপ দাস (২৭)। তিনি আশুলিয়ার জিরানী এলাকার নিলু দাসের ছেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, গত মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে নবমীতে পূজা দেখে দুই ভাই দ্বীপ দাস ও মিঠু দাসসহ তিন জন একটি ভ্যানে করে আশুলিয়ার জিরানীর টেংগুড়ি কোনাপাড়ায় নিজবাড়িতে ফিরছিল। তারা কবিরপুর বেতার কেন্দ্র এলাকায় পৌঁছলে সাত-আট জনের অস্ত্রধারী একদল ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে তিন জনই জখম হয়। এদের মধ্যে গুরুতর অহত হয় দ্বীপ দাস। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দ্বীপ দাসের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে রাখা হয়। পরে গতকাল বিকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত দ্বীপ দাসের বাবা নিলু দাস বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।