কেন্দ্রের আগে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন

আগামী ২০-২১ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের আগেই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন হবে। এ জন্য দুই মহানগরের শীর্ষ নেতাদেরকে গতকাল শনিবার সন্ধ্যায় ফোনে সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের এক বা দুইদিন আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করা হবে।

২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর ৩ বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দু’ভাগে বিভক্ত করা হয়। ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এরপরেই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সভাপতি করা হয় একেএম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক করা হয় সাদেক খানকে। দক্ষিণের সভাপতি হন হাজী আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হন শাহে আলম মুরাদ।