বুরকিনা ফাসোতে মসজিদে বন্দুকধারীর হামলা, নিহত ১৬

বুরকিনা ফাসোর একটি মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। পশ্চিম আফ্রিকায় অবস্থিত দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একদল বন্দুকধারী ওউদালান প্রদেশের ওই মসজিদটিতে হামলা চালায়। গুলিবর্ষণের পর ১৩ জনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। হামলার পর আতঙ্কে ওই এলাকার বাসিন্দারা প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, দেশটিতে প্রায়শই এই ধরনের হামলা হয়ে থাকে। গত মাসে একই অঞ্চলে জঙ্গি হামলায় ৬০ জন নিহত হয়েছিল। সেখানে ২০১৫ সাল থেকে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আসছে সরকার। সশস্ত্র ব্যক্তিদের হামলায় এ পর্যন্ত ৫ শতাধিক লোক নিহত হয়েছে।  মালির উত্তরাঞ্চল ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী এলাকা বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার অনেক এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। -আরব নিউজ